ফতুল্লায় বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সদর উপজেলায় বায়ুদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার (১৬ আগস্ট) নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমার নেতৃত্বে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো কুতুবপুরের পিলকুনিতে অবস্থিত আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা, মেসার্স আল বাকারা স্টিল ও রি-রোলিং মিলস লিমিটেডকে ৩০ হাজার টাকা এবং নন্দলালপুরের সাজ্জাদ ইন্টারলাইনিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





































