১৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৭, ১৫ আগস্ট ২০২৬

১৫ আগস্টে দেখা মেলেনি আওয়ামী লীগের নেতাকর্মীদের

১৫ আগস্টে দেখা মেলেনি আওয়ামী লীগের নেতাকর্মীদের

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কোনো প্রকাশ্য কর্মসূচি দেখা যায়নি। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং সম্ভাব্য জমায়েত ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকায় জেলার নেতাকর্মীদের প্রকাশ্যে কোনো কর্মসূচিতে দেখা যায়নি। বিপরীতে দিনভর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল র‍্যালি করতে দেখা গেছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা ঘুরে আওয়ামী লীগের কোনো মিছিল, সমাবেশ, শোকসভা বা পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি চোখে পড়েনি। দুই নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনেও ছিল নীরবতা। কার্যালয়টি দিনভর কার্যত জনশূন্য ছিল।

অন্যদিকে, ১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরী ও জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল র‍্যালি করেন। বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীদের টহল দিতে দেখা যায়।

এদিকে পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফতুল্লায় একজন ও বন্দরে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তবে তাঁদের কী অভিযোগে বা কোন মামলায় আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপনে কর্মসূচির প্রস্তুতি নেওয়ার অভিযোগে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে রূপগঞ্জের ৫৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এদিকে জেলার প্রবেশপথগুলোতেও নজরদারি বাড়ানো হয়। নারায়ণগঞ্জের প্রবেশপথ সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নিতে দেখা যায় পুলিশ সদস্যদের।

নগরের বিভিন্ন সড়কেও অতিরিক্ত টহল দেওয়া হয়। চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার, জুলাই স্মৃতি স্তম্ভ, মণ্ডলপাড়া ব্রিজসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়। সম্ভাব্য জমায়েত, মিছিল বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসব এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আগে থেকেই প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সদস্যদের সতর্ক রাখা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়