নিতাইগঞ্জে ঘাটের টোল বাড়ানোর অভিযোগে ব্যবসায়ীদের ক্ষোভ
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে পণ্য পরিবহনে ঘাটের টোল বাড়ানোর অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন আটা-ময়দা মিল মালিক সমিতির নেতারা। অনুমোদিত হারের বাইরে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির কার্যালয়ে সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব দাবি জানানো হয়। সভায় সাধারণ সম্পাদক ইকবাল আলীসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে ৫০ কেজির এক বস্তা পণ্য ওঠানোর টোল ছিল ৫ টাকা। বর্তমানে তা ৯ টাকা করার জন্য চিঠি দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, সাবেক ইজারাদারের ইজারার মেয়াদ গত ৩০ জুন শেষ হলেও আদালতে মামলা করে ‘খাস কালেকশন’-এর নামে টোল আদায় করা হচ্ছে।
সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, বৈধ ইজারার কাগজপত্র ছাড়া টোলের হার বাড়ানোর সুযোগ নেই। বিআইডব্লিউটিএ নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত টোল আদায় হলে নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।
ব্যবসায়ীদের অভিযোগ, অতিরিক্ত টোলের কারণে নৌপথে পণ্য পরিবহন ব্যয় বেড়েছে এবং অনেক ছোট নৌযানের চলাচল বন্ধ হয়ে গেছে। নৌকার মাঝিদের হয়রানি ও জাহাজের বার্থিং বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও করেন তারা।
সভায় ঘাটের বৈধ ইজারার কাগজপত্র যাচাই, অনুমোদিত হারের বাইরে টোল আদায় বন্ধ এবং নৌপথে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করা হয়।





































