১৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:০৪, ১৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:০৪, ১৩ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অজ্ঞাত একটি ট্রাকের চাপায় মো. রাজু মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় সাইনবোর্ড থেকে চাষাঢ়াগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া চাঁদপুর সদর থানার বিশনন্দী গ্রামের মৃত ইব্রাহিম মুন্সীর ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি রাব্বানী নগর এলাকায় বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে রাজু মিয়া সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসা শুরুর আগেই রাত আনুমানিক ৯টার দিকে রাজু মিয়া মারা যান।

নিহতের স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ নিয়ে চাঁদপুরে গ্রামের বাড়িতে চলে যান।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানা গেছে। ফলে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও চালককেও শনাক্ত করা সম্ভব হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়