নারায়ণগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত
‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
বুধবার (১২ আগস্ট) সকালে জালকুড়িতে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর রাজিয়া খাতুন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক নূরুল আলম, মাতৃছায়া আঞ্জুমান সংস্থার সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও নব তারুণ্য উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ নূর আলম আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের প্রশিক্ষণ, দক্ষতা, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত নৈতিক সমাজ গঠনে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে লাগিয়ে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তাদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
এরপর জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে নারায়ণগঞ্জের প্রশিক্ষিত যুব সংগঠক ও আত্মকর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দক্ষতা অর্জনে সফল আত্মকর্মী হিসেবে পুরস্কার পান নারী উদ্যোক্তা নুসরাত হোসেন নিশু, মেকআপ আর্টিস্ট শারমিন আক্তার খাদিজা ও অগ্রগামী নারী জান্নাত আরা মুনমুন।
অনুষ্ঠানে তরুণদের বেশি বেশি যুব প্রশিক্ষণ গ্রহণ এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।





































