ফতুল্লায় হামলা-ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনসিপি
ফতুল্লার লামাপাড়া এলাকায় বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২০ মার্চ লামাপাড়া এলাকায় সরকারি দলের পরিচয়ে একদল ব্যক্তি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন পুলিশকে ঘটনায় কঠোর অবস্থান নিতে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেন।
তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোমবার (২৩ মার্চ) ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নিতে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে ঘটনাস্থলে যান এনসিপির নেতাকর্মীরা।
গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা ঘটনাস্থলে ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতনের বিভিন্ন আলামত দেখতে পান বলে জানান।
এনসিপির পক্ষ থেকে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং দ্রুত বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
জেলা এনসিপির নেতারা বলেন, প্রশাসন যদি এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে এর দায় প্রশাসনকেই নিতে হবে।





































