কক্সবাজার যাচ্ছিলেন রূপগঞ্জের ৬ বন্ধু, বাসের ধাক্কায় নিহত ২
ঈদ উপলক্ষে কক্সবাজার ভ্রমণে রূপগঞ্জের ছয় বন্ধু রওনা হওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) ভোর ৪টার দিকে ঢাকা‑চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকার আলী হোসেনের ছেলে ইয়ামিন ও তার বন্ধু একই এলাকার শিবু বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস।
নিহত ইয়ামিন শিংলাবো এলাকার গাউসিয়া মার্কেটের “স্টার টেইলার্স” নামে টেইলার দোকানের মালিক ছিলেন। উজ্জল বিশ্বাস সিংলাবো এলাকায় ভাড়া বাসায় থেকে একটি জুতা কারখানায় কাজ করতেন।
পুলিশ ও নিহতদের আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের রাতে তারা তিনটি মোটরসাইকেলে করে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রূপগঞ্জ থেকে রওনা দেন। পথে ফেনীর রামপুরা এলাকায় সড়কের সংস্কারকাড চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্সে পেছন থেকে দূরপাল্লার একটি বাস ধাক্কা দেয়। এ নিয়ে দুই চালকের মধ্যে তর্ক বাঁধলে সড়কে যানজট সৃষ্টি হয়।
সড়কের একপাশে মোটরসাইকেল থামিয়ে এ ঘটনা দেখতে গেলে দ্রুতগামী আরেকটি বাস ইয়ামিন ও তাদের বন্ধুদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ ঘটনায় ইয়ামিন ও উজ্জ্বলসহ অন্তত ৫ জন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
আহত হয়েছেন অন্তত আরও ৭ জন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন ইয়ামিনের আরও দুই বন্ধু মাহমুদুল হাসান দিপু ও নাজমুল হাসান।
বিকেলে ইয়ামিন ও উজ্জলের মরদেহ রূপগঞ্জে বাড়িতে আনা হয়। নিহতদের জানাজা ও দাফনের সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত মো. সবজেল হোসেন জানান, “ঘটনাটি ফেনীতে ঘটেছে; তাই নিহতদের পরিবার চাইলে সংশ্লিষ্ট থানায় আইনি পদক্ষেপ নিতে পারেন।”





































