মামুন মাহমুদকে জেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে উপস্থিত হয়ে নবনিযুক্ত প্রশাসককে এ শুভেচ্ছা জানান সংগঠনটির নেতারা।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে হামলা-মামলা ও নানা নির্যাতনের মধ্যেও রাজপথে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন অধ্যাপক মামুন মাহমুদ। দল তাঁর সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন করেছে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন এবং তাঁর নেতৃত্বে জেলা পরিষদ জনকল্যাণ ও নারায়ণগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে দায়িত্ব গ্রহণের পর থেকেই অধ্যাপক মামুন মাহমুদকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক জি. এস. শাহ আলম ভূঁইয়া, আহ্বায়ক কমিটির সদস্য নুর আহমেদ ভূঁইয়া সোহেল, আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজেদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. সোহেল রানা এবং সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম প্রিন্সসহ অন্যান্য নেতাকর্মীরা।





































