মাদক সেবনে বাধা: কবি শ্যামল দাসের উপর হামলা
শহরের জামতলায় মাদক সেবনে বাধা দেওয়ায় কবি শ্যামল দাসের উপর হামলা ও কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
এদিন ফতুল্লা মডেল থানায় দুজনের নাম উল্লেখ করে ও করে ১০ থেকে ১২ জনদের বিরুদ্ধে একটি মামলা করেন।
অভিযুক্তরা হলো জামতলা ধোপাপট্টি এলাকার মৃত শেরু মিয়ার দুই ছেলে মিরাজ (২৫) ও আরাফাত (৩৫)।
মামলায় শ্যামল দাস উল্লেখ করেন, তিনি ও অভিযুক্তরা প্রতিবেশী। তারা নিয়মিত মাদকসেবন ও বিক্রি করে আসছে। এতে বাধা ও নিষেধ করায় তারা শ্যামল দাসকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন সহ হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ১৫ মার্চ সকাল সাড়ে ৮টায় অভিযুক্ত দুই ভাই ও অজ্ঞাত ১০ থেকে ১২ জন তাকে গালিগালাজ করে এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করে। এতে শ্যামল গুরুতর আহত হন এবং নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নেন।
শ্যামল দাস প্রেস নারায়ণগঞ্জকে বলেন, “আমি জানতাম না তাদের সঙ্গে ধারালো অস্ত্র ছিল। আমি তাদের বাধা দেওয়ায় তারা আমার উপর হামলা করে এবং গুরুতর আহত করে।”
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, “এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”





































