ঘুষ বা হয়রানির অভিযোগ সরাসরি জানাতে এমপি আল আমিনের উদ্যোগ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের পক্ষ থেকে সরকারি ও নাগরিক সেবা পেতে ঘুষ বা হয়রানির অভিযোগ সরাসরি জানানোর আহ্বান জানিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে ফতুল্লা মডেল থানা গেটের সামনে একটি সচেতনতামূলক বিলবোর্ড সাঁটানো হয়েছে।
রোববার (১৫ মার্চ) রাতে ফতুল্লা মডেল থানার সামনে এই বিলবোর্ডটি স্থাপন করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদের সামনেও এ ধরনের সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হবে বলে জানা গেছে।
বিলবোর্ডে উল্লেখ করা হয়, কোনো নাগরিক সেবা পেতে গিয়ে কেউ হয়রানি বা ভোগান্তির শিকার হলে, কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি অবৈধ অর্থ বা ঘুষ দাবি করে কিংবা দালালের মাধ্যমে প্রতারণার শিকার হন, তাহলে সরাসরি সংসদ সদস্যকে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
নাগরিকরা যাতে সহজেই অভিযোগ জানাতে পারেন, সেজন্য একটি মোবাইল নম্বর (০১৮৯৮-৮৬৮৫৬৮) দেওয়া হয়েছে। ওই নম্বরে ফোন, হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।
এমপি আল আমিনের পক্ষ থেকে জানানো হয়, নাগরিকদের অভিযোগ দ্রুত জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে দালাল বা অবৈধ লেনদেন থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সরকারি প্রতিষ্ঠানের সেবা আরও স্বচ্ছ করার লক্ষ্য রয়েছে বলেও উল্লেখ করা হয়।
সাধারণ নাগরিকরা বলছেন, এমপি আল আমিনের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ ফতুল্লাবাসীর জন্য ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে। এতে সাধারণ মানুষ সহজে ও কম খরচে প্রয়োজনীয় সেবা পেতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেছেন।





































