ফতুল্লায় নোংরা পরিবেশে সেমাই-নুডলস তৈরি, লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএসটিআই লাইসেন্স ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মুসলিমনগর এলাকার ‘আল সামি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’ নামে প্রতিষ্ঠানটিতে যৌথ অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন জানান, এ প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়। এছাড়া, বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই সেমাই, নুডলস, ঘিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং মোড়কজাতকরণ করতে দেখা যায়। পণ্য প্যাকেটজাতকরণ ও উৎপাদনস্থলে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীও ব্যবহার করেন না কর্মীরা।
এ সকল অপরাধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার ও নিরাপদ খাদ্য পরিদর্শক শাহজাহান হালদার সহযোগিতা করেন।





































