০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৬

প্রশাসন-সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু দোসর রয়ে গেছে: কাসেমী

প্রশাসন-সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু দোসর রয়ে গেছে: কাসেমী

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, এখনো প্রশাসন ও সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু দোসর রয়ে গেছে। তারা ফোন দিয়ে ষড়যন্ত্র করছে, যেন বিএনপি জোট ক্ষমতায় আসতে না পারে। হুঁশিয়ার করে দিতে চাই—যত ষড়যন্ত্রই করুক, বিএনপিকে ক্ষমতায় যেতে বাধা দিতে পারবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফতুল্লার গোগনগর বাজারে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ১৯৪৭ সালে জিতেছি, ১৯৭১ সালে জিতেছি। স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে ১৯৯০ সালে আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করেছি। ২০০১ সালে চারদলীয় ঐক্যজোট করেও আমরা জিতেছিলাম। ২০২৪ সালে ৩৬ দিনের আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছেড়ে মামার বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য করা হয়েছে।

মুফতি মনির হোসেন কাসেমী আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আরেকটি আন্দোলন, আরেকটি বিপ্লব হতে যাচ্ছে। সেটি হবে ভোটের বিপ্লব, সিল মারার বিপ্লব। খেজুর গাছে ভোট দিলে ধানের শীষ জয়ী হবে। বিএনপি ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী হবে তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা শওকত হাশেম শকু, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসু রহমানসহ বিএনপি ও জোটভুক্ত দলের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়