০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রকাশিত: ১৭:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনই হবে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ: শাহ আলম

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনই হবে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ: শাহ আলম

নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহ আলম বলেছেন, “আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে কথা বলবো না। তবে এটুকু বলতে চাই, নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটারদের কেউ বোকা ভাববেন না, তারা লোভী নন। এই আসনে টাকা-পয়সা দিয়ে কোনো ভোট কেনা যায় না।”

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর, হাজীগঞ্জ ও তল্লার একাংশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শাহ আলম বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণই সিদ্ধান্ত নেবে, কার নেতৃত্বে এই আসনের উন্নয়ন হবে। আগামী ১২ তারিখ জনগণের আস্থার প্রতীক ‘হরিণ’ মার্কা বিজয়ী হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, “স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষ আমাকে ভোট দেবে কারণ আমি ক্লিন ইমেজের লোক। জনগণ আমার ওপর আস্থা রাখে এবং বিশ্বাস করে যে, আমি তাদের পক্ষে দাঁড়াবো ও এলাকার উন্নয়নে কাজ করবো। এছাড়া যারা বিএনপি করে ও বিএনপিকে ভালোবাসে; যাদের সঙ্গে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, হামলা ও মামলার শিকার হয়েছি; সেই বিএনপির ভোটার ও নেতাকর্মীরা আমাকে ভুলবে না। কারণ এখনও নিজেকে বিএনপির একজন কর্মী হিসেবেই মনে করি।”

নারী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি যেখানে যাচ্ছি, সেখানেই নারী ভোটাররা রাস্তায় নেমে আসছেন এবং জনসমুদ্রে পরিণত হচ্ছে। তাদের একটি বড় দাবি হলো জলাবদ্ধতা নিরসন। পূর্বে অনেকে নির্বাচিত হলেও কেউ তাদের এই সমস্যার সমাধান করেনি। জলাবদ্ধতার কারণে তারা দুর্বিষহ জীবনযাপন করছে। আল্লাহর রহমতে যদি আমি নির্বাচিত হই, তাহলে জলাবদ্ধতা নিরসনই হবে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফতুল্লার জনগণকে এই অভিশাপ থেকে মুক্ত করতে আপ্রাণ চেষ্টা করবো।”

তিনি বলেন, “রাজনীতিতে আসার একমাত্র উদ্দেশ্য মানুষের সেবা করা। সেই উদ্দেশ্য নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হলে এমন কাজ করতে চাই, যা এই এলাকার মানুষ দীর্ঘদিন মনে রাখবে।”

শাহ আলম আরও বলেন, “আমি আমার ক্লিন ইমেজ নিয়েই রাজনীতি করবো ইনশাআল্লাহ। আমার কোনো বাহিনী থাকবে না। দল-মত নির্বিশেষে সমাজের ভালো মানুষদের নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।”

সর্বশেষ

জনপ্রিয়