সরকার আইনজীবীদের বিরুদ্ধে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না: আনোয়ার
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান বলেছেন, আইনজীবীদের স্বার্থের বিরুদ্ধে সরকার কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না বলে তাদের দৃঢ় বিশ্বাস। নারায়ণগঞ্জের আদালত স্থানান্তর নিয়ে বিভিন্ন মাধ্যমে যে আলোচনা চলছে, তা নিয়ে আইনজীবী ও বিচারপ্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আনোয়ার প্রধান বলেন, নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেসি ও জজশিপের কিছু মামলা ও আদালত অন্যত্র স্থানান্তরের কথা বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আদেশ, নির্দেশনা বা প্রজ্ঞাপন জেলা আইনজীবী সমিতি পায়নি। ফলে এ বিষয়ে আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ভবন যেখানে রয়েছে, সেখানেই থাকবে। নির্বাহী কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট ও জজ কোর্টও একই স্থানে থাকবে। ল্যান্ডস কোর্ট, সাইবার কোর্ট, বিদ্যুৎ কোর্ট ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কালীরবাজারের নতুন ভবনে স্থানান্তর নিয়ে বিভিন্ন কথা বলা হলেও এ বিষয়ে আইনজীবী সমিতি কোনো সরকারি প্রস্তাবনা পায়নি।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, এসব আদালত পরিচালনার জন্য বর্তমান আদালত ভবনেই পর্যাপ্ত জায়গা রয়েছে। সরকার যদি এ বিষয়ে নির্দেশনা দেয়, তাহলে বিদ্যমান ভবনেই প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করে এসব আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
চাষাড়া মোড়ের যানজটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, চাষাড়া নারায়ণগঞ্জবাসীর কাছে অত্যন্ত যানজটপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এমন পরিস্থিতিতে আদালতের কার্যক্রম এক স্থান থেকে অন্যত্র স্থানান্তর করা হলে আইনজীবী ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ আরও বাড়বে। এতে আদালতের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, ম্যাজিস্ট্রেসি, জজ কোর্টসহ কোনো আদালত স্থানান্তর করা হবে না। যেসব ট্রাইব্যুনাল বা আদালত নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো সরকার আইনজীবী সমিতির কাছে দিলে বর্তমান আদালত ভবনেই পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আটতলা ভবনের এক-দুইটি তলা ব্যবহারের বিষয়েও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
আনোয়ার প্রধান বলেন, নারায়ণগঞ্জের সংসদ সদস্যসহ দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে কেউ কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে এমন বক্তব্য দিয়ে আইনজীবীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন।
তিনি বলেন, “আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না। নারায়ণগঞ্জের আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের স্বার্থ রক্ষায় আইনজীবী সমিতি সব সময় পাশে ছিল, আছে এবং থাকবে।”
সংবাদ সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জের আইনজীবী ও সাধারণ মানুষকে বিষয়টি নিয়ে আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল গাফ্ফার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামসুর নূর বাঁধন, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এ কে এম ওফর ফারুক নয়নসহ আইনজীবী সমিতির সদস্যরা।





































