অ্যাডভোকেট আব্দুস সাকের খানের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোকসভা
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট আব্দুস সাকের খানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রত্যেকের নিজের শরীর ও স্বাস্থ্যের প্রতিও যত্নবান হওয়া উচিত। তিনি বলেন, অসুস্থতাকে অবহেলা না করে নিয়মিত চিকিৎসা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, একজন মানুষের অকাল মৃত্যু তার পরিবারের ওপর বড় প্রভাব ফেলে। তাই নিজের ও পরিবারের কথা চিন্তা করে সবাইকে সচেতন হতে হবে।
আইনজীবীদের কল্যাণ প্রসঙ্গে তিনি বলেন, একজন আইনজীবীর মৃত্যুর পর তার পরিবারের জন্য যে আর্থিক সহায়তা দেওয়া হয়, সেটি আরও বাড়ানোর বিষয়ে ভবিষ্যতে উদ্যোগ নেওয়া হবে। যাতে কোনো আইনজীবী মারা গেলে তার পরিবার কিছুটা হলেও সহায়তা পায়।
শোকসভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট নবী হোসেন, অ্যাডভোকেট আব্দুল গাফ্ফার, অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট আজিজুল ইসলাম হান্টুসহ আইনজীবী সমিতির সদস্যরা।
অনুষ্ঠানে মরহুম অ্যাডভোকেট আব্দুস সাকের খানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।





































