চেইঞ্জেস স্কুলে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান চেইঞ্জেস স্কুলে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
উৎসব উপলক্ষে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় দেশীয় ও মৌসুমি বিভিন্ন ফল সংগ্রহ করে প্রদর্শন করে। এ সময় তারা বিভিন্ন ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং দেশের কৃষি ও ঐতিহ্যের সঙ্গে এর সম্পর্ক তুলে ধরে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের বাস্তবভিত্তিক শিক্ষা, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিবছর এ ফল উৎসবের আয়োজন করা হয়।
উৎসব চলাকালে বিদ্যালয়ের অধ্যক্ষ নাসিমা বেগম বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। তিনি বলেন, একজন শিক্ষার্থীর শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশীয় সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ, স্বাস্থ্য সচেতনতা ও বাস্তবজীবনের অভিজ্ঞতার সমন্বয়েই পূর্ণাঙ্গ শিক্ষা নিশ্চিত হয়। এ কারণে বিদ্যালয়ে নিয়মিত এ ধরনের শিক্ষামূলক আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ নাসিমা বেগম, সিনিয়র শিক্ষক ও একাডেমিক কমিটির সদস্য মুহাম্মদ হোসাইন এবং মুহাম্মদ শাহরিয়ার লিঙ্কন। তারা বিভিন্ন শ্রেণির ফল প্রদর্শনী, উপস্থাপনা, সৃজনশীলতা, পরিচ্ছন্নতা ও তথ্য উপস্থাপনা মূল্যায়ন করেন। পরে বিভিন্ন গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।





































