২৩ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৮, ২২ জুলাই ২০২৬

কাশীপুরকে সিটিতে যুক্ত না করার দাবিতে ডিসিকে চিঠি

কাশীপুরকে সিটিতে যুক্ত না করার দাবিতে ডিসিকে চিঠি

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের দু’টি ওয়ার্ডকে সিটি কর্পোরেশনে যুক্ত করতে জেলা প্রশাসনের প্রস্তাবের বিরোধীতা করে চিঠি দিয়েছেন এ ইউনিয়নের একাংশের বাসিন্দারা। তাদের দাবি, ইউনিয়নের এ দু’টি ওয়ার্ডে গুরুত্বপূর্ণ বেশকিছু স্থাপনা ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান থাকায় এ অংশটি যুক্ত করলে তা হবে বৈষম্যমূলক সিদ্ধান্ত। প্রয়োজনে তারা কাশীপুর ইউনিয়নের সবক’টি ওয়ার্ডকে সিটিতে যুক্ত করারও প্রস্তাব দিয়েছেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে কাশীপুর ইউনিয়নকে সিটিতে যুক্ত না করার দাবি জানিয়ে লিখিত দেন তারা।

লিখিত এই চিঠিতে কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষে স্বাক্ষর করেন জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য প্রকৌশলী শহীদুল ইসলাম খাঁ। এ সময় তার সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে আরও উপস্থিত ছিলেন মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাংবাদিক রাশেদুল ইসলাম, শিক্ষক নিলয় হোসেন, জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলামসহ স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা উপস্থিত ছিলেন।

চিঠিতে তারা লেখেন, কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যুক্ত করার একটি প্রস্তাব করেছে জেলা প্রশাসন। এ সিদ্ধান্ত ‘বৈষম্যমূলক’ হওয়াতে তারা এর বিরোধীতা করে তিনটি দাবি উপস্থাপন করেন।

তারা বলছেন, ইউনিয়নের এ দু’টি ওয়ার্ড এ অঞ্চলের প্রাণকেন্দ্র এবং সেখানে শতবর্ষী ইতিহাস জড়িয়ে আছে। এখানে শতবর্ষী দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়, জেলার একমাত্র ডায়াবেটিক হাসপাতাল, জেলার অন্যতম বৃহৎ মসজিদ, স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত সাধু নাগ মহাশয় আশ্রম, ৭০ বছরের প্রাচীন জামিয়া আরাবিয়া দারুল উলূম মাদরাসা (দেওভোগ মাদরাসা) ছাড়াও বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এ দু’টি ওয়ার্ডকে ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করলে কাশীপুর ইউনিয়ন তার মূল ঐতিহ্য, রাজস্ব আয়ের মূল উৎস এবং গৌরব হারাবে, যা ইউনিয়নের বাকি অংশের বাসিন্দাদের প্রতি চরম বৈষম্য।

স্থানীয় বাসিন্দাদের এ অংশটির দাবি, কাশীপুর ইউনিয়নের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা এবং সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থে এই খন্ডিত বিভাজনের সিদ্ধান্ত বাতিল করতে হবে। যদি প্রশাসনিক বা উন্নয়নের স্বার্থে সিটি কর্পোরেশনের সীমানা বাড়ানো অপরিহার্য হয় তাহলে আংশিক নয় পুরো কাশীপুর ইউনিয়নকেই সিটির সঙ্গে যুক্তেরও দাবি জানিয়েছেন তারা।
 

সর্বশেষ

জনপ্রিয়