নবীগঞ্জ বাজারে ছাদ চুইয়ে পানি, জলাবদ্ধতায় দুর্ভোগে ব্যবসায়ী-ক্রেতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে ছাদ ও টিনের ছাউনি নষ্ট থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারের ভেতরে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে কাঁচামাল ও মাছ ব্যবসায়ীদের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন ক্রেতারাও।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন কাঁচামাল ও মাছ ব্যবসায়ী নিয়মিত ব্যবসা পরিচালনা করেন। তাদের দাবি, প্রতিমাসে দোকানপ্রতি ৩০০ টাকা করে সিটি কর্পোরেশনকে ভাড়া বা খাজনা পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে বাজারের কোনো সংস্কার বা প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন হয়নি।
তাদের অভিযোগ, বৃষ্টি হলেই বাজারের ছাদের বিভিন্ন অংশ দিয়ে পানি চুইয়ে পড়ে। এতে বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জমে থাকা ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে ওঠে। ফলে ব্যবসা পরিচালনায় বিঘ্ন ঘটে এবং অনেক ক্রেতা বাজারে আসতে অনাগ্রহী হন।
কাঁচামাল ব্যবসায়ী সুনু মিয়া বলেন, “গত তিন-চার বছর ধরে আমরা দুর্ভোগের মধ্যে ব্যবসা করছি। নিয়মিত রসিদের মাধ্যমে ভাড়া দিচ্ছি, কিন্তু কোনো ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছি না। বৃষ্টি হলেই বাজারে পানি পড়ে, ব্যবসা করা কঠিন হয়ে যায়। বাজারটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।”
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে বাজারটির পরিবেশের অবনতি ঘটছে। দ্রুত সংস্কার না হলে ব্যবসা পরিচালনা ও জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে।
এ বিষয়ে বাজারের ছাদ মেরামত, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো সংস্কারের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।





































