অর্জিত ছুটির মজুরির দাবিতে আনোয়ারা ফ্যাশনসের শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অর্জিত ছুটির (আর্ন লিভ) বিপরীতে পাওনা মজুরি পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন আনোয়ারা ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে হাজীগঞ্জের আইটি স্কুল সংলগ্ন কারখানাটির ভেতরে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় মালিকপক্ষের কয়েকজন শ্রমিকদের উদ্দেশে লাঠিসোঁটা প্রদর্শন করলে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরে আগামী শনিবার পাওনা মজুরি পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন।
বিক্ষোভে অংশ নেওয়া এক নারী শ্রমিক অভিযোগ করে বলেন, “আমরা আমাদের পাওনা টাকা চাইতে গেলে কারখানার এইচআর বিভাগের লোকজন আমাদের ভয়ভীতি প্রদর্শন করেছে। আমরা আমাদের অর্জিত ছুটির টাকা চাই। এ টাকা পরিশোধ না করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) বশির আহমেদ বলেন, “কারখানাটিতে বেতন বা বোনাস নিয়ে কোনো সমস্যা হয়নি। আর্ন লিভের টাকা পরিশোধকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। মালিকপক্ষ আর্ন লিভের মজুরির একটি অংশ পরিশোধ করেছে, তবে শ্রমিকরা পুরো অর্থ একসঙ্গে দাবি করছেন। একপর্যায়ে শ্রমিকরা এইচআর বিভাগের কক্ষে প্রবেশের চেষ্টা করলে কারখানার লোকজন আত্মরক্ষার জন্য লাঠিসোঁটা প্রদর্শন করে। পরে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে আগামী শনিবার বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।”





































