আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক-চাঁদাবাজি-ছিনতাই রোধে সমন্বিত অভিযানের পরিকল্পনা
নারায়ণগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধীদের তাৎক্ষনিক শাস্তি প্রদানে পরিচালনা করা হবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতও।
রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল সাড়ে এগারোটায় এ সভা শুরু হয়ে দুই ঘন্টা চলে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জেলা পুলিশ, র্যাব, বিজিবিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন জুলাই মাস উপলক্ষে নগরীর হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তা জোরদারের দাবি জানান। একইসঙ্গে সেখানে সীমানা প্রচীর ও গেইট নির্মাণেরও তাগিদ দেন।
পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, যানবাহনে চাঁদাবাজি বন্ধ এবং খাল খনন কার্যক্রমে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, সম্প্রতি আনসার ও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানান এসপি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এ ধারা বজায় রাখতে জেলা প্রশাসন, পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে মাদক, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভেজাল ওষুধ উৎপাদনকারী কারখানা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া এবং তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও নিয়মিত তদারকির নির্দেশ দেন জেলা প্রশাসক।
সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, বিজিবি-৬২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মো. আরাফাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।





































