রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: মামুন মাহমুদ
নারায়ণগঞ্জে রথযাত্রা ও উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
রোববার (১২ জুলাই) দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, “বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সবার কাছে প্রয়োজনীয় নির্দেশনা ও রুট পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে। তারা আপনাদের পাশে থেকে রথযাত্রা ও উল্টো রথযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করবে। এ বিষয়ে আমাদের ওপর দলের কঠোর নির্দেশনা রয়েছে।”
তিনি বলেন, “একদিকে দলীয় নির্দেশনা রয়েছে, অন্যদিকে আমি সরকারের একটি অংশ হিসেবে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছি। এই দুই দায়িত্বকে সামনে রেখেই আমি চাই, আপনারা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে রথযাত্রা পালন করতে পারেন। আয়োজনের মূল দায়িত্ব আপনাদের হলেও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীরাও পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “কোনো উগ্রবাদী গোষ্ঠী, যে কোনো ধর্ম বা দলের ব্যক্তি কিংবা কোনো দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও তা প্রতিহত করতে সক্রিয় ভূমিকা পালন করবে।”
দুর্গাপূজার প্রসঙ্গ তুলে মামুন মাহমুদ বলেন, “৫ আগস্টের পর আপনারা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করেছেন। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যদিও নারায়ণগঞ্জ সবসময় স্পর্শকাতর জেলা হিসেবে বিবেচিত হয়, তারপরও সম্মিলিত প্রচেষ্টায় আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছি।”
তিনি বলেন, “আমি জেলা পরিষদের প্রশাসক হওয়ার আগেই সিদ্ধিরগঞ্জের আটটি মন্দিরে ব্যক্তিগত উদ্যোগে ২৪ ঘণ্টার জন্য স্বেচ্ছাসেবক নিয়োজিত করেছিলাম। তারা দিন-রাত দায়িত্ব পালন করেছেন। পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি এবং সম্মিলিত প্রচেষ্টায় উৎসব সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস ও প্রদীপ সরকার; মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশিল দাস; সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি রিপন শীল ও সাধারণ সম্পাদক সুমিত রায়; আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হারাধন দে; ফতুল্লা শাখার সভাপতি প্রদীপ মণ্ডল; বন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস; সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি শিশির ঘোষ অমর; জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন সাধু; মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্যসহ ইসকন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির (দেওভোগ), শ্রীশ্রী নিতাই চৈতন্য মন্দির (নগরখানপুর), শ্রীশ্রী গৌড়-নিতাই আখড়া (দেওভোগ), গোপাল জিউর মন্দির (কাচারিগল্লি) এবং বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





































