পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবায় জেলার শ্রেষ্ঠ সদর উপজেলা
পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন, সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম।
২০২৫-২০২৬ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুস্থ ও পরিকল্পিত জাতি গঠনে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তারা সদর উপজেলার এ অর্জনকে জেলার অন্যান্য উপজেলার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।





































