নারায়ণগঞ্জে
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার
২১ ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে নারায়ণগঞ্জের ঢাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকেই শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট–এর শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে সাদা, কালো ও লাল রঙে আলপনা আঁকেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করবেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এরপর পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে।





































