০৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:০০, ৫ মার্চ ২০২৬

আপডেট: ২২:২৪, ৫ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যানজট ও জনদুর্ভোগ কমাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ও হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনাগুলোর মধ্যে ছিল কাঁচাবাজার, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান ও কনফেকশনারি দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।

স্থানীয় পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটত এবং মহাসড়ক সংকুচিত হয়ে পড়ত। অবৈধ স্থাপনা উচ্ছেদের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতেও যেন মহাসড়কের পাশে নতুন করে কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেদিকে প্রশাসনের নজরদারি থাকা প্রয়োজন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ বাড়ছিল। জনস্বার্থে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের একটি পর্যবেক্ষণ দল নিয়মিত তদারকি করবে।

অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ, সোনারগাঁ থানা পুলিশসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়