২০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪৪, ১৯ নভেম্বর ২০২৬

ফতুল্লায় অপহরণের পাঁচ মাস পর মেহেরপুর থেকে স্কুলছাত্রী উদ্ধার

ফতুল্লায় অপহরণের পাঁচ মাস পর মেহেরপুর থেকে স্কুলছাত্রী উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহরণের পাঁচ মাস পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে মেহেরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর সদর থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধার হওয়া ১৫ বছর বয়সী ওই কিশোরী ফতুল্লার ভোলাইল নয়াপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম নাঈম আল হাসান (১৮)। তিনি মেহেরপুর সদর থানার কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পিবিআই জানায়, গত ৬ জুন সকাল ১০টার দিকে ফতুল্লার ভোলাইল উত্তরপাড়া এলাকা থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার নানি বাদী হয়ে গত ২৯ অক্টোবর নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে ভুক্তভোগীকে উদ্ধারের নির্দেশ দেন পিবিআইকে।

মামলার অভিযোগ অনুযায়ী, ওই ছাত্রীর মা সৌদি আরবপ্রবাসী। সে ফতুল্লার ভোলাইল উত্তরপাড়া এলাকায় নানির সঙ্গে বসবাস করত। সামাজিক যোগাযোগমাধ্যম ইমোর মাধ্যমে নাঈম আল হাসান তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন কোচিং সেন্টারে যাওয়ার পথে নাঈম অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় ওই ছাত্রীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করেন। পরে ছাত্রীর নানিকে ফোন করে পুলিশে গেলে নাতনিকে জীবিত দেখতে পাবেন না বলে হুমকি দেন।

পিবিআই জানায়, আদালতের নির্দেশে মামলার তদন্তভার পান পিবিআই নারায়ণগঞ্জ জেলার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে একটি দল বুধবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্ত নাঈম আল হাসানের হেফাজত থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর বৃহস্পতিবার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে আদালতে পাঠানো হয়। সেখানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী তার জবানবন্দি গ্রহণ করা হয়।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, অপহরণের ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অন্য অভিযুক্তদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়