লাঙ্গলবন্দ মহাঅষ্টমী স্নান উৎসব আয়োজনে প্রস্তুতি সভা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অনুষ্ঠিতব্য লাঙ্গলবন্দ মহাঅষ্টমী স্নান উৎসব-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
রোববার (৯ মার্চ) বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে লাঙ্গলবন্দ মহাঅষ্টমী স্নান উৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, স্নান উৎসবটি দুটি ভাগে ভাগ করে পরিকল্পনা করা যেতে পারে। একটি হলো আগামী বছরের পুণ্যস্নান কার্যক্রমের প্রস্তুতি এবং অন্যটি হলো চলতি বছর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, সেগুলোর মধ্যে বিগত সময়ের অভাব, অভিযোগ ও সমস্যাগুলো পর্যালোচনা করে সমাধানের দিকনির্দেশনা দেওয়া।
তিনি আরও বলেন, স্বল্প সময়ের মধ্যে সব সমস্যার সমাধান বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। তবে এ বছর আমরা যেসব সমস্যার মুখোমুখি হতে পারি, সেগুলোকে অভিজ্ঞতা হিসেবে নিয়ে আগামী বছরের কার্যক্রমের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া যেতে পারে। আমাদের হাতে যে ১১ মাস সময় থাকবে, সে সময়ে আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারলে সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





































