রূপসীর সন্ত্রাসী ইমরান আটকের গুঞ্জন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী ইমরান (২৭)কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র। তাদের ভাষ্য, গত শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার একটি বিশেষ টিম ইমরানকে গ্রেফতার করে নিয়ে যায়।
তবে বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন। তিনি জানান, ঢাকার একটি টিম এসে একটি তদন্তের কাজে একজনকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে তারা শুনেছেন, তবে গ্রেফতারকৃত ব্যক্তি ইমরান কিনা তা তারা নিশ্চিত হতে পারেননি।
এদিকে, প্রশাসনের কোন ইউনিট এই অভিযান চালিয়েছে, তা প্রকাশ করা হয়নি, যা নিয়ে এলাকায় তৈরি হয়েছে বেশ কৌতূহল।
এই অনিশ্চয়তার মধ্যেই স্থানীয়দের কাছ থেকে ইমরানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর রূপসী এলাকার অনেক ব্যবসায়ী ও গার্মেন্টস কর্মী উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তার কঠোর শাস্তি দাবি করেছেন।
এদিকে ইমরানের পরিবারও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন ইমরানের বাবা দিল মোহাম্মদ।





































