১৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৫১, ১৩ জুলাই ২০২৬

আপডেট: ১৩:৫৩, ১৩ জুলাই ২০২৬

কতদিন বাঁচবো জানি না, আপনাদের নিয়ে কাজ করে যেতে চাই: সাখাওয়াত

কতদিন বাঁচবো জানি না, আপনাদের নিয়ে কাজ করে যেতে চাই: সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আমি কতদিন বাঁচব জানি না। তবে যতদিন আছি, আপনাদের নিয়ে কাজ করে যেতে চাই। আমরা চাই ভালো মানুষগুলো এগিয়ে আসুক।”

রোববার (১২ জুলাই) নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, “অবহেলা ও বিভেদের কারণে আমরা নারায়ণগঞ্জ শহরকে ভুলভাবে পরিচিত করেছি। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমরা চাই প্রাচ্যের ডান্ডি হিসেবে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসুক।”

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহেদ শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলালউদ্দিন, মহাসচিব জহিরুল হক ভূঁইয়া, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নুরউদ্দিন।

নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ শাহীন বলেন, শহরের দীর্ঘদিনের দুটি বড় সমস্যা হলো যানজট ও হকার। এসব সমস্যা সমাধানে নাসিক প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। তিনি দাবি করেন, যানজটের অন্যতম কারণ অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল এবং ফুটপাতে হকারদের দখল। ব্যবসায়ীরা এ বিষয়ে প্রশাসনের পাশে থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের জন্য আধুনিক, পরিচ্ছন্ন ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে হলে হকারমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ নগর গঠন জরুরি।

সভাপতি শাহজাহান বলেন, গত ১৮ বছর ধরে ব্যবসায়ীরা নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু বর্তমানে হকার ও অটোরিকশার কারণে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষও নির্বিঘ্নে চলাচল করতে পারছে না।

তিনি বলেন, “এখন যেহেতু রাজনৈতিক বিভাজন নেই, তাই সর্বস্তরের মানুষকে নিয়ে শহরের যানজট নিরসন ও হকার উচ্ছেদে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব। আমরা নাসিক প্রশাসকের কাছে এ দাবিগুলো জোরালোভাবে তুলে ধরছি।”

এছাড়া তিনি জানান, সমিতি সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় না করায় সংগঠনের নিজস্ব তহবিল নেই। তাই সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি অফিস কক্ষ বরাদ্দ দেওয়ার অনুরোধ জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়