১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৭:২২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্র দখলের আশঙ্কা গিয়াসউদ্দিনের

ভোটকেন্দ্র দখলের আশঙ্কা গিয়াসউদ্দিনের

নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন অভিযোগ করেছেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও তাঁর ছেলে সাজিব ভোটকেন্দ্র দখল করে ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার পরিকল্পনা করছেন বলে স্থানীয় ভোটারদের কাছ থেকে তিনি তথ্য পাচ্ছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, তাঁর প্রতীক ‘ফুটবল’ নিয়ে যারা কাজ করছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। ভোটের দিন যাতে তাঁর লোকজন কেন্দ্রের আশপাশে না থাকতে পারে, সেজন্য ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গিয়াসউদ্দিন বলেন, এ বিষয়ে তিনি ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে—কেউ যাতে ভোটকেন্দ্র দখল করতে না পারে এবং ভোটাররা শতভাগ নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বিষয়টি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁ উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানার ভোটারসহ সর্বস্তরের জনগণকে অবহিত করেন। পাশাপাশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং কেন্দ্রের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁর পক্ষে যারা নির্বাচনী কার্যক্রমে কাজ করছেন, তারা যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করেন এবং প্রয়োজন হলে তাদের সহায়তা নেন।

গিয়াসউদ্দিন দাবি করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর বিজয় ঠেকাতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারেন। এ জন্য ভোটারদের সতর্ক থাকার পাশাপাশি সর্বোচ্চ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

শেষে তিনি সবার কাছে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়