সিসিটিভির আওতায় থাকবে নারায়ণগঞ্জের শতভাগ ভোট কেন্দ্র
নারায়ণগঞ্জ জেলা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার সব ভোটকেন্দ্রকে সিসিটিভি মনিটরিংয়ে আনা হয়েছে। জেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৭৯৭টি ভোটকেন্দ্রে ইতোমধ্যে এসব সিসিটিভি স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী।
জেলার মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৯২ হাজার ৩৭০। এসব ভোটারের জন্য জেলার ৬০২টি ভেন্যুতে ৭৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪৫১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হলেও সবকেন্দ্রই সিসিটিভির আওতায় থাকবে এবং সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।
রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। এসব ভোটারের জন্য রয়েছে ১০৯টি ভেন্যুতে ১২৯টি ভোটকেন্দ্র। আড়াইহাজার উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-২ আসনে ৩ লাখ ৬৪ হাজার ৯৮ জন ভোটারের জন্য ১১১টি ভেন্যুতে ১১৮টি ভোটকেন্দ্র রয়েছে। সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৩৪৬ জন। এখানে ১৫৫টি ভেন্যুতে মোট ২১০টি ভোটকেন্দ্র রয়েছে। রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। এসব ভোটারের জন্য ১০৯টি ভেন্যুতে ১২৯টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ফতুল্লা ও সদর উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৮১৩ জন। এ আসনে ৯৭টি ভেন্যুতে ১৭৭টি ভোটকেন্দ্র রয়েছে। নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ২৮৪ জন। এসব ভোটারের জন্য ১৩০টি ভেন্যুতে ১৬৩টি ভোটকেন্দ্র।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম বলেন, “ভোটকে শান্তিপূর্ণভাবে পরিচালনা ও সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করতে শতভাগ ভোট কেন্দ্রকে ইতিমধ্যে সিসিটিভির আওতায় আনা হয়েছে। ভোটের দিন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণভাবে দায়িত্বে থাকবে।”





































