২৮ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৬, ২৮ মার্চ ২০২৬

নাগরিক স্বার্থে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান পন্টির

নাগরিক স্বার্থে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান পন্টির
ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেছেন, একটি আবেগঘন সংবাদ বা ছবি কখনো কখনো লাখো মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

শনিবার (২৮ মার্চ) দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমার একটা কান্নার ছবি কিন্তু ২০ লাখ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ফলে পরবর্তীতে প্রশাসন ঝুঁকি নিতে চায় না।”

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই বিষয়গুলো সাংবাদিক হিসেবে নয়, নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত—নগরবাসীর স্বার্থে দায়িত্বশীলতা জরুরি।”

সমাধানের প্রস্তাবনা তুলে ধরে তিনি বলেন, “সিটি করপোরেশনের সিদ্ধান্তগুলো আগেই মাইকিং করে জানাতে হবে—কোথায় অটো চলবে, কোথায় নামবে, নির্দিষ্ট রং কী হবে—এসব স্পষ্ট করা প্রয়োজন।”

ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রস্তাব দিয়ে পন্টি বলেন, “বিবি রোডে ইউটার্ন সীমিত করতে হবে। দুইটির বেশি ইউটার্ন রাখা উচিত নয়, তাহলেই যানজট অনেক কমবে।”

হকার পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, “উচ্ছেদের পাশাপাশি বিকল্প ব্যবস্থা থাকতে হবে। খোলা জায়গায় বড় পরিসরে হকার মার্কেট তৈরি করলে এক থেকে দেড় হাজার হকারকে পুনর্বাসন করা সম্ভব।”

অটো নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি আরও বলেন, “ওয়ান আইডি, ওয়ান ভেহিকেল” পদ্ধতি চালুর প্রস্তাব দিয়ে বলেন, “কিউআর কোডের মাধ্যমে একটি আইডির বিপরীতে একটি গাড়ি থাকবে—এতে নিয়ন্ত্রণ সহজ হবে।”

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকদের তদবির এড়িয়ে চলতে হবে। কেউ তদবির করলে তার নাম প্রকাশ করা উচিত—এতে স্বচ্ছতা থাকবে এবং সাংবাদিকতার মর্যাদা রক্ষা পাবে।”

সভায় উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা।
Write to প্রেস: নিউজ রুম
 

সর্বশেষ

জনপ্রিয়