২৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৪, ২৬ আগস্ট ২০২৬

মহানবীর আদর্শে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান মোহাম্মদ সোহাগের

মহানবীর আদর্শে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান মোহাম্মদ সোহাগের

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে আয়োজিত জশনে জুলুসে মিলাদুন্নবী উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ বলেছেন, মুসলমানদের মধ্যে ঐক্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শের বিষয়ে কোনো মতপার্থক্য নেই।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১২টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুস অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সোহাগ বলেন, “নারায়ণগঞ্জ জেলায় আমাদের জন্ম হয়েছে, এ জন্য আমরা ধন্য। আল্লাহর রহমতে আমরা বাহাদুর শাহ আল-মাদানীর মতো মুর্শিদ পেয়েছি। তাঁর নেতৃত্বে আমরা সুন্দরভাবে জুলুস উদযাপন করছি।”

তিনি বলেন, “নারায়ণগঞ্জ শহরের অভ্যন্তরীণ শৃঙ্খলা সুন্দরভাবে বজায় রেখে ৪০ থেকে ৫০ বছর ধরে এই প্রক্রিয়া চলে আসছে। সেই ধারাবাহিকতা আজও আমরা আমাদের মুর্শিদ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে ধরে রেখেছি।”

মোহাম্মদ সোহাগ আরও বলেন, “মুসলমানদের মধ্যে একতা রয়েছে এবং রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শের ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। অনেক আলেম, কওমি ও মাদরাসার ছাত্রও এ আয়োজনে এসেছেন। তাদের প্রতি আমাদের আবেদন ও নিবেদন—কওমি, সুন্নি বা আলিয়া যাই হোক না কেন, আমরা সবাই এক।”

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “তাঁর ব্যবস্থাপনা ও সুন্দর আইনশৃঙ্খলার কারণে এবারের জশনে জুলুস সুন্দরভাবে শেষ হয়েছে। নবীর প্রেমে ২০২৬ সালের এই পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানও সুন্দরভাবে শেষ হয়েছে। আগামী ২০২৭ সালের অনুষ্ঠান আরও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী।

এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকির খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়