২৩ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৯, ২২ জুলাই ২০২৬

আট বছরেও হয়নি নির্বাচন, মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ক্ষোভ

আট বছরেও হয়নি নির্বাচন, মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরের প্রায় ৭০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এ টানা আট বছর ধরে কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ায় সংগঠনের সদস্য ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচিত কমিটির পরিবর্তে অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব পালন করলেও নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ বাস্তবায়ন হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সর্বশেষ নির্বাচনের পর দীর্ঘ সময় পার হলেও নতুন নির্বাচন হয়নি। এর মধ্যে সাবেক কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রতিবাদে ২০২৪ সালের ২৩ আগস্ট মদনগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। পরে সাবেক কমিটি দায়িত্ব ও ক্ষমতা অন্তর্বর্তীকালীন কমিটির কাছে হস্তান্তর করে।

অন্তর্বর্তীকালীন কমিটির তদন্তে সাবেক সভাপতি বি এ সুমনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বসুন্ধরা গ্রুপের অনুদানে নির্মাণাধীন কমিউনিটি সেন্টারের আরসিসি পাইলিং কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাকে অ্যাসোসিয়েশনের সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

বর্তমানে মো. জসিম উদ্দিন খান আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্ব পালন করছেন। কমিটির সদস্যরা হলেন জোবায়ের হোসেন নিপু, সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, হাজী আমজাদ হোসেন, জয়নাল আবেদিন মাতবর, আজিজুল হক আজি, হাজী গনী প্রধান, মেহেদী হাসান পনির, মামসাদ হোসেন, মনোয়ার হোসেন মন্টু, হুমায়ূন কবির ও আবুল বাসার।

সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন কমিটি প্রায় দুই বছর ধরে দায়িত্ব পালন করলেও নির্বাচন আয়োজনের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে আট বছর ধরে সংগঠনটি নির্বাচিত নেতৃত্ববিহীন অবস্থায় পরিচালিত হচ্ছে। এতে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম, জবাবদিহিতা ও সদস্যদের অংশগ্রহণ ব্যাহত হচ্ছে বলে তারা মনে করছেন।

এ বিষয়ে অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক মো. জসিম উদ্দিন খান বলেন, "পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও তারা প্রায় ছয় বছর দায়িত্বে ছিলেন। ৫ আগস্টের পর তাদের অনিয়মের কারণে জনরোষ সৃষ্টি হলে সেই কমিটি বিলুপ্ত করা হয়। এরপর সদস্যদের সম্মতিক্রমে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আমরা সংগঠনের সংস্কার, হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছি। ভোটার তালিকা হালনাগাদ করে বিভিন্ন সময়ে বন্দর উপজেলা সমাজসেবা অফিসে চিঠি দিয়েছি। সমাজসেবা অধিদপ্তর যখনই নির্বাচনের আয়োজন করবে, তখনই আমরা প্রস্তুত। দেশের সার্বিক পরিস্থিতির কারণে এতদিন নির্বাচন করা সম্ভব হয়নি বলে তারা আমাদের জানিয়েছে।"

বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফয়সাল বলেন, "আহ্বায়ক কমিটির চিঠি আমরা গত মাসে পেয়েছি। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিষয়টি জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা অফিস থেকে নির্দেশনা পেলেই নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু করা হবে।"

তবে এসব ব্যাখ্যায় সন্তুষ্ট নন সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের দাবি, প্রায় ৭০ বছরের ঐতিহ্যবাহী একটি সামাজিক সংগঠনে আট বছর ধরে নির্বাচন না হওয়া অস্বাভাবিক। দ্রুত নির্বাচন আয়োজন করে সদস্যদের ভোটে নতুন কার্যকরী কমিটি গঠন এবং সংগঠনের গণতান্ত্রিক কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়