গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা বাবুল গাজী গ্রেফতার
নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের বোনের বাসায় চুরির ঘটনায় শ্রমিকদল নেতা ও ভাঙারি ব্যবসায়ী বাবুল গাজীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া একটি রেফ্রিজারেটর ও একটি ভাঙা টেলিভিশন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের বোন সাদিয়া আক্তার ও তার স্বামী রাজিবুল আলম নিউজিল্যান্ডে বসবাস করেন। তাদের বন্দর উপজেলার হাজীপুর এলাকার চারতলা ভবনটির দেখাশোনার দায়িত্বে ছিলেন নাহিদ হোসেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুলাই রাতে ভবনের একটি ফ্ল্যাটের তালা কেটে প্রায় ৫ লাখ টাকার আসবাবপত্র ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করা হয়। এ ঘটনায় নাহিদ হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তে ২০ জুলাই সকালে ভবনের দুই ভাড়াটিয়া রফিক ও লাবনী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২১ জুলাই রাতে ভাঙারি ব্যবসায়ী ও ২২নং ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবুল গাজীর বন্দর রেললাইন এলাকার দোকান থেকে চুরি যাওয়া একটি রেফ্রিজারেটর ও একটি ভাঙা টেলিভিশন উদ্ধার করা হয়। এ সময় বাবুল গাজীকেও গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চুরি হওয়া মালামাল বাবুল গাজীর কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মালামাল জব্দ করা হয়েছে এবং চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।





































