ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক
মন্ত্রীর ৪ লেন পরিকল্পনা, ৬ লেনে উন্নীত করার দাবি এমপি আল আমিনের
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক (চাষাড়া-পঞ্চবটি-পোস্তগোলা) ৪ লেনে উন্নীত করার বিষয়ে সরকারের ইতিবাচক মতামতের মধ্যেই সড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
বুধবার (১৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে উল্লেখ করা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক উন্নয়নের বিষয়ে জাতীয় সংসদ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। ওই চিঠির জবাবে সংশ্লিষ্ট মন্ত্রী সড়কটি ৪ লেনে উন্নীত করার বিষয়ে মত প্রকাশ করেছেন।
তবে ভবিষ্যতের যানবাহনের চাপ, শিল্পাঞ্চল হিসেবে নারায়ণগঞ্জের গুরুত্ব এবং ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয় বিবেচনায় নিয়ে সড়কটিকে ৬ লেনে উন্নীত করার প্রস্তাব দেন তিনি। তার মতে, বর্তমানে ৪ লেনের পরিকল্পনা গ্রহণ করা হলেও ভবিষ্যতের চাহিদা মোকাবিলায় ৬ লেনের সড়ক নির্মাণ অধিক কার্যকর হবে। এতে যানজট কমার পাশাপাশি শিল্পাঞ্চল ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন হবে।
এর আগে গত ২১ মে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় পোস্তগোলা থেকে চাষাঢ়া পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটি ৬ লেনে উন্নীত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানোর বিষয়টি জানান এমপি আল আমিন।
সেই সভায় তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর ও বক্তাবলী এলাকার মানুষ সরাসরি উপকৃত হবে। বর্তমানে দুই লেনের সড়ক এবং আশপাশের ধুলাবালুর কারণে পুরো এলাকা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে উপজেলা পরিষদের পক্ষ থেকেও সড়কটি ৬ লেনে উন্নীত করার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানোর আহ্বান জানিয়েছিলেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।





































