১৬ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৬, ১৬ জুন ২০২৬

ফুটওভার ব্রিজ থাকলেও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পারাপার

ফুটওভার ব্রিজ থাকলেও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পারাপার

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে (লিংক রোড) জেলা পরিষদের সামনে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন পথচারীরা। দুই থেকে চার কদম দূরত্বেই ব্রিজ থাকলেও অধিকাংশ মানুষ সেটি ব্যবহার না করে সরাসরি ছয় লেনের ব্যস্ত সড়ক পার হচ্ছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সরেজমিনে দেখা যায়, ঢাকা-চাষাঢ়া সংযোগ সড়কের জেলা পরিষদ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন। সড়কটির দুই পাশে রয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া অল্প দূরত্বের মধ্যেই জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা দায়রা জজ আদালত অবস্থিত।

ছয় লেন বিশিষ্ট এ সড়ক দিয়ে প্রতিনিয়ত শত শত বাস, প্রাইভেটকার, সিএনজি, ইজিবাইক এবং পণ্যবাহী বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। যানবাহনের চাপ থাকা সত্ত্বেও পথচারীরা হাত উঁচিয়ে কিংবা দৌড়ে রাস্তা পার হচ্ছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করছে।

স্থানীয়দের মতে, ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় সড়কটিতে প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে দ্রুতগতির যানবাহনের ফাঁক গলে পারাপারের কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

শিশু কন্যাকে সঙ্গে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তানিয়া আক্তার। ব্রিজ ব্যবহার না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, “বাচ্চা নিয়ে ব্রিজে উঠতে কষ্ট হবে এবং সময়ও লাগবে। তাই নিচ দিয়েই দ্রুত চলে যাচ্ছি। বাসায় কাজ আছে।”

সচেতন নাগরিকরা বলছেন, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ফুটওভার ব্রিজ ব্যবহারে উৎসাহিত করা, প্রয়োজনীয় জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদার করা জরুরি। অন্যথায় যেকোনো সময় প্রাণহানির মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

সর্বশেষ

জনপ্রিয়