১৬ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৩, ১৬ জুন ২০২৬

আপডেট: ২১:০৫, ১৬ জুন ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনের পর সাখাওয়াত বললেন, ‘পরিবেশের উন্নতি হয়েছে’

ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনের পর সাখাওয়াত বললেন, ‘পরিবেশের উন্নতি হয়েছে’

মন্ত্রীর হুঁশিয়ারির পর নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী আসার পর হাসপাতালের যে পরিস্থিতি ছিল, তা পুরোপুরি না হলেও আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে। এ উন্নতির ধারা বজায় রাখতে চান বলেও জানান তিনি।

সাখাওয়াত আরও বলেন, “আজ যদি ৬০ শতাংশ উন্নতি হয়ে থাকে, তবে আগামী ৭ দিনের মধ্যে যেন আরও ১০ বা ২০ শতাংশ অগ্রগতি হয়, সেই লক্ষে কাজ করবো। আমরা নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালকে এই অঞ্চলের মানুষের জন্য একটি অত্যন্ত সুন্দর স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।”

হাসপাতাল পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কিছু সমস্যার কথাও তুলে ধরেন তারা। সাখাওয়াত হোসেন বলেন, “আজ এখানে পরিদর্শনের পর যেসব সমস্যা পরিলক্ষিত হয়েছে, সেগুলো নিরসনের জন্য আমি এবং জেলা প্রশাসক মহোদয় যে নির্দেশনা দিয়েছি, তা নিয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে কাজ করবো। আমরা হাসপাতালটিকে আর এভাবে ফেলে রাখবো না। মাঝে-মধ্যেই জেলা প্রশাসক, সংসদ সদস্য এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে হাসপাতালটি পরিদর্শন ও তদারকি করবো।”

তিনি বলেন, “আমরা শুধু একটা কথাই বলতে চাই- আমরা এখানে কারও বিরুদ্ধে আসি নাই, এসেছি মানুষ যেন সুষ্ঠু ও সুন্দর সেবা পায় তা নিশ্চিত করার জন্য। সেই শ্রম দিতেই আমাদের এখানে আসা।”
হাসপাতালের পক্ষ থেকেও কিছু জনবল সংকট ও অভিযোগের কথা জানানো হয়েছে। সেগুলোও মন্ত্রণালয়কে অবগিত করার কথাও জানান সিটি প্রশাসক।

সবাই মিলে এ হাসপাতালের মানোন্নয়নের জন্য কাজ করবেন বলেও আশ্বাস দেন।

হাসপাতালের চিকিৎসা সেবার মান ও সুরক্ষার বিষয়ে তিনি বলেন, “ভিক্টোরিয়া হাসপাতালের ডায়রিয়া সেবাটি অনেক ভালো মানের; আমরা চাই এটি যেন আরও উন্নত হয়। এখানকার ১০ শয্যার যে আইসিইউ ইউনিট হয়েছে, সেটি নারায়ণগঞ্জের মানুষের সম্পদ। এই সম্পদটিকে আমাদের রক্ষা করতে হবে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারেও কার্যকর উদ্যোগ গ্রহণ করার কথা জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়