আমীরের আগমন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে জামায়াতের ব্যাপক প্রস্তুতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি-এর নারায়ণগঞ্জে আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় নেতাকর্মীরা।
আগামী (১৯ জুলাই) তাঁর এই সফরকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১৬ জুন) সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় অবস্থিত মুহিত ফাউন্ডেশনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, আগামী ১৯ জুলাই জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নারায়ণগঞ্জ আগমন আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর এই সফরকে সফল করতে এবং ঐতিহাসিক কর্মী সম্মেলনে রূপ দিতে সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। সর্বস্তরের জনশক্তি, সুধী-শুভাকাংখী ও সহযোগী সদস্যদের সাথে নিয়ে এই আগমনকে স্মরণীয় করে রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। এছাড়া সভায় মহানগরী ও স্থানীয় সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তারা ১৯ জুলাইয়ের কর্মসূচি সফল করতে বিভিন্ন উপকমিটি গঠন এবং জনসংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। নেতাকর্মীদের মাঝে এই সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।





































