১৬ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৮, ১৬ জুন ২০২৬

জমি নিয়ে বিরোধে ‘হামলার’ বিচার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জমি নিয়ে বিরোধে ‘হামলার’ বিচার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের বিচার চেয়েছে ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না। অভিযুক্তরা তাদের হুমকি দিয়ে যাচ্ছেন, যা তাদের নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রূপসীর বাসিন্দা মাসুদা বেগম নামে এক নারী।

এ সময় তার সঙ্গে স্বামী ও সন্তানরা ছিলেন।

মাসুদার অভিযোগ, কয়েক বছর আগে তিনি রূপসীর বাসিন্দা অভিযুক্ত মিলন ভূঁইয়ার (৫৫) কাছ থেকে ২ শতাংশ জমি কেনেন। জমি কেনার টাকা নিয়েও তিনি প্রতারণার আশ্রয় নেন। জমি নিয়ে এ বিরোধের জেরেই তাদের বাড়িতে গত ৬ জুন বিকেলে হামলা চালানো হয়।

এতে মিলনের স্ত্রী, সন্তান ও ভাইসহ আত্মীয়-স্বজনরা অংশ নেন। তারা ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন মাসুদা।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, “জমি কেনার সাতদিন পর তিনি (মিলন) আমাকে প্রস্তাব দেন, যদি জমির মূল্য এবং রেজিস্ট্রির টাকা ফেরত দিলে আমি কি জায়গা ফেরত দেব? আমি মানবতার খাতিরে রাজি হই ।”

কিন্তু এক বছর পেরোলেও টাকা ফেরত পাননি জানিয়ে মাসুদা বলেন, মিলানের সম্মতিতেই তিনি পরে ওই জমিতে একতলা ভবন নির্মাণ করেন এবং সেখানে বসবাস করতে শুরু করেন। মিলন এরপর আবারও জমি ফেরত দেবার প্রস্তাব দিলে তিনি আর রাজি হননি। এতেই বিরোধ বাধে তাদের সঙ্গে।

গত ৬ জুনের হামলায় স্বামীর সঙ্গে তিনি নিজেও আহত হন জানান মাসুদা। ঘটনার দিন মিলন আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়েছেন বলেও অভিযোগ করেন। ওইদিন জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে বলে জানা।

এদিন স্বর্ণ ও টাকাও লুটপাট করা হয় বলে অভিযোগ মাসুদার। তিনি বলেন, “এই ঘটনায় থানায় অভিযোগ দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। আমাদের অভিযোগ মামলা হিসেবেও রেকর্ড করেনি। এদিকে, অভিযোগ করার পর আমাদের উপর নতুন করে চাপ, হুমকি ও হয়রানি বৃদ্ধি পেয়েছে। আমাদের পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা শান্তিতে বসবাস করতে চাই। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের পরিবারের সদস্যদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে।”

ভুক্তভোগী মাসুদা বেগম ছাড়াও সংবাদ সম্মেলনে তার স্বামী মীর মোশারফ, বড় মেয়ে মারজিয়া আক্তার, ছোট মেয়ে মাহিমা আক্তার রিপা এবং বোনের ছেলে আব্দুর রহমান হুজাইফি উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কথা বলতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাহউদ্দিনের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

সর্বশেষ

জনপ্রিয়