দলীয় নয় ‘দক্ষ লোককে’ এনডিএ চেয়ারম্যান বানানোর দাবি জামায়াত নেতা জব্বারের
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দলীয় কোনো ব্যক্তিকে না বসিয়ে একজন দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ লোককে দায়িত্ব দেওয়ার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
সোমবার (১৫ জুন) বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ উত্তর থানার ৭নং ওয়ার্ডের উদ্যোগে ফতুল্লা কায়েমপুর এলাকায় আয়োজিত এক ‘ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
মাওলানা আবদুল জব্বার তাঁর বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী শিল্প নগরী। এই অঞ্চলের পরিকল্পিত উন্নয়নের স্বার্থে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করা হয়েছিল। কিন্তু সরকার জনস্বার্থের কথা চিন্তা না করে এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিজেদের দলীয় লোক বসিয়েছে। দলীয়করণের এই মানসিকতা নারায়ণগঞ্জের কাঙ্ক্ষিত ও সুষম উন্নয়নকে চরমভাবে বাধাগ্রস্ত করবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় অদক্ষ মানুষকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসালে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ভেস্তে যায় এবং জনগণের ট্যাক্সের টাকার অপচয় হয়। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে একজন যোগ্য, নিরপেক্ষ ও নগর উন্নয়ন বিষয়ে দক্ষ ব্যক্তিত্বকে সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ উত্তর আমীর আবুল কালাম আজাদ এবং সেক্রেটারি আবদুর রহিম।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং ওয়ার্ডের সভাপতি মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সুধীজন উপস্থিত ছিলেন।





































