সৃজনশীলতা বিকাশে বিতর্ককে স্কুল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান সদর ইউএনও’র
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেছেন, বিতর্ক প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনাকে সমৃদ্ধ করা এবং এ চর্চাকে শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া।
সোমবার (১৫ জুন) সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “আমরা এই উৎসবে ৬০ জন শিক্ষককে সংযুক্ত করেছি এবং তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রশিক্ষণ নিয়ে গিয়ে একটি করে বিতর্ক ক্লাব তৈরি করতে পারে। আমরা চাই এই চর্চা শুধু এখানেই সীমাবদ্ধ না থেকে সাত দিনের পর এই সৃজনশীলতাগুলো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ুক।”
তিনি জানান, উৎসবের প্রথম দিনে শিক্ষার্থীদের গ্রুপিং করা হবে এবং আগামী ১৭ জুন থেকে মূল বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। ২২ জুন জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠিত হবে।
শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে নারায়ণগঞ্জের পরিবেশগত চ্যালেঞ্জ তুলে ধরে ইউএনও বলেন, “নারায়ণগঞ্জ সদর উপজেলা একটি শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে পরিবেশ দূষণ অন্যতম বড় সমস্যা। ব্যক্তিগত সচেতনতা ছাড়া নদ-নদী ও খাল-বিল পরিষ্কার রাখা কঠিন।”
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করেই এবারের বিতর্কের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সম্ভাব্য সমাধানের পথ খুঁজে বের করবে।
ইউএনও আরও জানান, ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সাত দিনব্যাপী এ বিতর্ক উৎসব আয়োজন করা হয়েছে। এতে প্রাথমিক পর্যায়ের ৩২টি এবং মাধ্যমিক পর্যায়ের ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা রাজস্ব সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের দেবযানী কর, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।





































