পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামি মানিক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার মানিক (২৮) ওই এলাকার চিহ্নিত ছিনতাইকারী বলেও জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ১১টার দিকে বন্দর দক্ষিণ কলাবাগ এলাকার শাহজাহান মিয়ার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মানিক দক্ষিণ কলাবাগ এলাকার মনির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বন্দর থানায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, বন্দর থানার এসআই মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কলাবাগ এলাকায় মানিকের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ সদস্যরা ছদ্মবেশে সেখানে অবস্থান নেয়। এক পর্যায়ে এসআই মাসুদ রানা কৌশলে মানিককে আটক করেন। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে দ্রুত পুলিশের জিপে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি চৌধুরী বাড়ি এলাকায় মোবাইল ছিনতাইয়ের একটি ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের কুপিয়ে জখম করা হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটে। গ্রেপ্তার হওয়া মানিক ওই চাঞ্চল্যকর মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।
এছাড়া দীর্ঘদিন ধরে মানিক ও তার সহযোগীরা দক্ষিণ কলাবাগ, ঝাউতলা এবং চৌধুরী বাড়ি এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। গভীর রাতে বাড়ি ফেরা পথচারীদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মোবাইল, টাকা-পয়সা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাই করাই ছিল তাদের প্রধান কাজ। অনেক ক্ষেত্রে বাধা দিলে ভুক্তভোগীদের কুপিয়ে জখম করার ঘটনাও ঘটিয়েছে এই চক্রটি।
এ মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।





































