১৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৯, ১৫ জুন ২০২৬

আপডেট: ১৭:৩৯, ১৫ জুন ২০২৬

বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে গুরুত্বারোপ ডিসির

বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে গুরুত্বারোপ ডিসির

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, বিতর্ক প্রতিযোগিতার উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা জ্ঞানভিত্তিক পড়াশোনা করবে এবং ভালো ফলাফল অর্জন করবে। পাশাপাশি শিক্ষা ও জ্ঞানের সঙ্গে দক্ষতা মিলিয়ে সমাজ ব্যবস্থায় তারা নিজেদের উপস্থাপন ও মানিয়ে নিতে পারবে।

সোমবার (১৫ জুন) সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জ জেলায় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন, সপ্তাহে একদিন স্কুলে ইংরেজিতে কথা বলার সুযোগ, পাঠ্যবইয়ের পাশাপাশি বই পড়ার প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতা।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি সংসদীয় আসনের ৬০টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য ও যুক্তিনির্ভর হতে হবে। নির্ধারিত বিষয়ে যৌক্তিক অবস্থান তৈরি করার পাশাপাশি বিপক্ষেও তাৎক্ষণিকভাবে যুক্তি উপস্থাপন করতে হবে, যা বাস্তব জীবনের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

জেলা প্রশাসক আরও বলেন, “কোনো বিষয়ে ভালো-মন্দ বিবেচনা করে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে পারলে কর্মক্ষেত্রে সফলতা আসে। বিতর্ক প্রতিযোগিতা সেই সুযোগ তৈরি করে দেয়। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, যুক্তিনির্ভরতা এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করেই এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের জ্ঞান অনেক ক্ষেত্রেই পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে, যার সঙ্গে বাস্তব জীবনের সংযোগ কম। শুধু পাঠ্যনির্ভর শিক্ষা দিয়ে সমাজের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়।

মো. রায়হান কবির বলেন, মুখস্থনির্ভর শিক্ষার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করা গেলেও আধুনিক বিশ্বের উপযোগী দক্ষতা অর্জন না করলে সমাজে কার্যকর ভূমিকা রাখা কঠিন। অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করেও কাঙ্ক্ষিত চাকরি বা উদ্যোক্তা হিসেবে সফলতা অর্জন করতে পারে না, কারণ তারা জীবনমুখী শিক্ষা থেকে বঞ্চিত থাকে।

তিনি আরও বলেন, পাঠ্যবস্তুর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে যে উদ্যোগ গ্রহণ করেছে, বিতর্ক প্রতিযোগিতা তারই একটি প্রতিফলন।

জেলা প্রশাসক জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার পাশাপাশি জেলার অন্যান্য উপজেলাতেও এ ধরনের প্রতিযোগিতা সম্প্রসারণ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়