ভিক্টোরিয়া হাসপাতালে মন্ত্রীর অনুষ্ঠানে সাংবাদিকের মোবাইল চুরি
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসাপাতালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে এক অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত এক সাংবাদিকের মোবাইল চুরি হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে হাসপাতালে ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী ছাড়াও জাতীয় ও স্থানীয় ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি থাকা সত্ত্বেও সাংবাদিকের মোবাইল চুরির ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী সাংবাদিক দিপ্ত দেবনাথ স্থানীয় সংবাদমাধ্যম ‘প্রেস নারাযণগঞ্জ’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি বলেন, ঘটনার সময় তিনি স্বাস্থ্যমন্ত্রী বক্তব্যের ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। ওই সময় অজ্ঞাত ব্যক্তি তার মোবাইলটি চুরি করেন।
এ ঘটনায় বিকেলে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে চুরি হওয়া মোবাইলটির বিষয়ে উল্লেখ করেন, ডিভাইসটি স্যামসাং ‘এ’ সিরিজের। যার মডেল গ্যালাক্সি এ-১৪। যার কোড নম্বর এস এম-এ১৪৫ এফ/ডিএস। ডিভাইসটির সিরিয়াল নম্বর-RZ8W608TSQM।
তিনি বলেন, “এ মোবাইল ডিভাইসে আমার কাজের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে। মোবাইলটি উদ্ধার না করা গেলে আমার দৈনন্দিন কাজে খুবই সমস্যার সম্মুখীন হতে হবে।”
এদিকে, একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম হাসপাতালে নিরাপত্তার বিষয়ে উদ্বেগ জানান। তিনিও হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের প্রায় সময় চুরির ঘটনার সম্মুখীন হতে হয় বলে উল্লেখ করেন। এমপি বলেন, “এখানে রোগীরা নিরাপদ না। তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়ে যায়।”
আবুল কালাম এ হাসাপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আনসার সদস্য মোতায়েনেরও দাবি জানান।





































