১৪ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৮, ১৪ জুন ২০২৬

অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি টিম খোরশেদের

অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি টিম খোরশেদের

নারায়ণগঞ্জের রাস্তাঘাটে পড়ে থাকা অজ্ঞাত, অসহায় ও পরিচয়হীন অসুস্থ মানুষের চিকিৎসা সেবার জন্য জেলার দুইটি সরকারি হাসপাতালের যেকোন একটিতে ২/৩ শয্যার একটি বিশেষ ইউনিট চালুর জোর দাবি জানিয়েছেন মানবিক সংগঠন টিম খোরশেদ এবং নাগরিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর আহ্বায়ক সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এক বিবৃতিতে তিনি স্বাস্থ্যমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিভিল সার্জন ও ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের দৃষ্টি আকর্ষণ করে এ দাবি জানান।

তিনি বলেন, “গত ৫ বছর যাবত আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রাস্তায় পড়ে থাকা মানুষকে সাধ্যানুযায়ী চিকিৎসা সেবা দিয়ে আসছি। এসব মানুষ সাধারণত নোংরা অবস্থায় থাকে এবং শরীরের বিভিন্ন স্থানে পচন থাকায় অনেক হাসপাতালে তাদের ভর্তি নিতে চায় না। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এ ধরনের রোগী ভর্তি নিলে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয়, যা অনেকাংশেই সত্য।”

তিনি আরও বলেন, “প্রতিটি মানুষের চিকিৎসা সেবা পাওয়া নাগরিক অধিকার। বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি নারায়ণগঞ্জের দুইটি সরকারি হাসপাতালের যেকোন একটিতে ২/৩ বেডের একটি আলাদা ইউনিট স্থাপনের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।”

খোরশেদ জানান, প্রয়োজনে টিম খোরশেদ এবং ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ এসব অজ্ঞাত রোগীর পরিচর্যা ও প্রয়োজনীয় সহায়তায় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়