১৪ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৫, ১৪ জুন ২০২৬

১৫০০ শয্যার বিশেষায়িত নারী হাসপাতাল হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

১৫০০ শয্যার বিশেষায়িত নারী হাসপাতাল হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি সরকার নারীদের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য দেশে দেড় হাজার শয্যার দু’টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, সরকার এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের কথা ভাবছে, যার মধ্যে ৮০ হাজার নারী থাকবেন। এছাড়া নারীদের জন্য ১,৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং জরুরিভাবে রোগী পরিবহনের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করারও পরিকল্পনার কথা জানান তিনি।

রবিবার (১৪ জুন) নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) দশ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এদিন, আরও নয়টি জেলা সদর হাসপাতালেও আইসিইউ চালু করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাখাওয়াত হোসেন দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। এ সময় তিনি স্বাস্থ্যখাতে বিগত সরকারের চরম অব্যবস্থাপনার সমালোচনা করার পাশাপাশি বর্তমান সরকারের কর্মতৎপরতা এবং টিকাদান কর্মসূচির সাফল্য তুলে ধরেন।

বক্তব্যের শুরুতে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। মন্ত্রী বলেন, “আমি যখন প্রথম রণাঙ্গন থেকে বাংলাদেশে পা দিয়েছিলাম, সেটি ছিল নারায়ণগঞ্জের গোপালদী বাজার। এই নারায়ণগঞ্জে এসেই আমি যুদ্ধের পর অস্ত্র জমা দিয়েছিলাম এবং অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষাও দিয়েছিলাম এই জেলাতেই।”

মন্ত্রী বিগত সরকারের স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় স্বাস্থ্য খাতকে এক বিপর্যস্ত অবস্থায় পেয়েছে।

তিনি বলেন, “বিগত স্বৈরাচার সরকার এবং অদক্ষ কেয়াটেকার সরকার দেশের টিকা কার্যক্রম চালানোর মতো কোন মজুদ রেখে যায়নি। সেই সময় হাসপাতালে যক্ষ্মার (টিবি) ইনজেকশনের সিরিঞ্জ, ভিটামিন ট্যাবলেট এবং এমনকি কুকুরের কামড়ের জলাতঙ্ক প্রতিরোধী  র‌্যাবিস ভ্যাকসিনেরও চরম সংকট ছিল।”

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে মন্ত্রী দাবি করেন। তিনি জানান, সরকার অত্যন্ত অল্প সময়ে পর্যাপ্ত হামের টিকা সংগ্রহ করেছে। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে গতি আনার বিষয়ে তাগিদ দিয়ে বলেন, “বর্তমান সরকার অতীতের মতো ঢিলেঢালা নয়। আমাদের প্রধানমন্ত্রী পরিবর্তন চান। এই সরকার বরাবরের সরকারের মতো নয়। তাই এই সরকারের সকল কর্মচারীরাও নিজেদেরকে ভিন্নভাবে ভাবতে হবে, কাজ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী ১৬ ঘন্টা কাজ করেন। আমাদের সাথে সচিবালয়ে অফিস করেন।”

নারায়ণগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও হাসপাতালের পরিবেশ নিয়ে উষ্মা প্রকাশ করে এ বিষয়ে জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

এ অনুষ্ঠানে বাকি নয়টি জেলা ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়