স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে জেলা চ্যাম্পিয়ন বি.এম. ইউনিয়ন স্কুল
নারায়ণগঞ্জে তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতাকে উৎসাহিত করতে আয়োজিত ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’র জেলা পর্যায়ের ফাইনাল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বন্দর উপজেলার বি.এম. ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ।
রোববার (১৪ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয়। প্রতিযোগীদের সৃজনশীলতা, গবেষণাধর্মী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান বিচারক ও দর্শনার্থীদের প্রশংসা অর্জন করে।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বলেন, বর্তমান প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করবে।
বি.এম. ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষক মোহাম্মাদ সাদ্দাম হোসেন ও এস.এম. আকবর।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাভেল, অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত হোসেন এবং সদস্য সচিব ও অধ্যক্ষ আজিজুর রহমান শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করে প্রতিষ্ঠান ও জেলার সুনাম বৃদ্ধি করবে।





































