১৪ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১১, ১৪ জুন ২০২৬

আপডেট: ২১:১৩, ১৪ জুন ২০২৬

ওষুধের অভাবে আইসিইউ যেন বন্ধ না হয়: মামুন মাহমুদ

ওষুধের অভাবে আইসিইউ যেন বন্ধ না হয়: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ প্রতীক্ষিত আইসিইউ সেবার আনুষ্ঠানিক উদ্বোধনে হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সামগ্রী সঠিকভাবে রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। 

একইসঙ্গে ঢাকার নিকটবর্তী জেলা শহর হওয়া সত্ত্বেও চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে নারায়ণগঞ্জের অবহেলিত চিত্র তুলে ধরে দ্রুত একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বক্তব্যে করোনাকালীন সংকটের কথা স্মরণ করে মামুন মাহমুদ বলেন, “অতীতে খানপুর হাসপাতালে কয়েকটি আইসিইউ বেড দেওয়া হলেও পর্যাপ্ত জনবল ও ওষুধের অভাবে সেগুলো অকার্যকর হয়ে পড়েছিল। এবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “আইসিইউ পাওয়া নারায়ণগঞ্জবাসীর অনেকদিনের একটি দাবি ছিল। করোনাকালীন সময়ে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ছিলাম। তৎকালীন সরকার কয়েকটি বেড খানপুর হসপিটালে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে পর্যাপ্ত লোক এবং ওষুধ সামগ্রীর অভাবে সেগুলো অকার্যকর হয়ে গেছে। আমি মন্ত্রী মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করব যে, এই ব্যবস্থাটা যেন চালু থাকে। রোগের বা পর্যাপ্ত মেডিসিনের অভাবে যেন এটি বন্ধ হয়ে না যায়।”

স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইসিইউতে একজন রোগী যখন যায়, তখন সে চিকিৎসার শেষ অবস্থায় যায়। এখান থেকে জীবন নিয়ে ফিরে আসা ফিফটি-ফিফটি চান্সের বিষয়। ডাক্তার-নার্সদের চেষ্টার কোনো কমতি থাকে না, কিন্তু অনেক সময় রোগী জীবন ছেড়ে চলে যায়।”

তিনি আরো বলেন, “আমাদের মনে রাখতে হবে, এই আইসিইউ নারায়ণগঞ্জবাসীর সম্পদ। আমরা স্বজন হারিয়ে যদি ডাক্তারদের ওপর চড়াও হই কিংবা আইসিইউ’র ক্ষতি করি, তবে তা আমরা আমাদের নিজেদের ওপরেই আঘাত করলাম।” 

একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের অনুরোধ জানিয়ে মন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “নারায়ণগঞ্জ ঢাকার এত নিকটবর্তী হওয়ার পরেও শিক্ষা ও চিকিৎসা সহ সকল ক্ষেত্রে পিছিয়ে আছে।

নারায়ণগঞ্জের যেকোনো সাধারণ নাগরিককে প্রশ্ন করলে সে বলবে- এখানে একটি মেডিকেল কলেজ প্রয়োজন। এই হসপিটালে হোক কিংবা খানপুর হসপিটালেই হোক, আপাতত একটি সেশন যদি আপনি চালু করে দেন, তবে নারায়ণগঞ্জবাসী চিরকৃতজ্ঞ থাকবে।”

বর্তমান সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আশা প্রকাশ করেন, নতুন স্বাস্থ্যমন্ত্রীর হাত ধরে চিকিৎসা ক্ষেত্রে নারায়ণগঞ্জের এই দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের , নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: