১৪ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৭, ১৩ জুন ২০২৬

আপডেট: ২২:২৭, ১৩ জুন ২০২৬

‘আমরা সৎ ব্যবসায়ী সমাজ গড়তে চাই’

‘আমরা সৎ ব্যবসায়ী সমাজ গড়তে চাই’

নারায়ণগঞ্জ মহানগর ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩জুন) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দরা অংশ নেন।

সংগঠনের মহানগর সভাপতি আব্দুস সাত্তার আনসারীর সভাপতিত্ব করেন। সহসভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ অঞ্চলের সেক্রেটারি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাইদ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম সারোয়ার সাইদ বলেন, “দেশে অনেক সংগঠন থাকলেও অধিকাংশ সংগঠন ব্যবসার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে না। কিন্তু আইবিডব্লিউএফ ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা দিতে কাজ করছে।”

বর্তমান করব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “সরকার ব্যবসায়ীদের সহযোগিতা না করে দিন দিন ট্যাক্স বাড়াচ্ছে। আমরা চাই এ দেশের প্রতিটি তরুণ উদ্যোক্তা হয়ে উঠুক। কিন্তু বর্তমান বাজেট কাঠামোয় নতুন উদ্যোক্তা তৈরি হওয়া কঠিন। নাগরিকরা যে পরিমাণ কর দেন, তার বিপরীতে তাঁদের স্বার্থ রক্ষায় আমরা কাজ করে যাব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট গবেষক, লেখক এবং আইবিডব্লিউএফ কুমিল্লা অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম। তিনি ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা সৎ ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে চাই। ব্যবসায়ীদের সামাজিক ও আর্থিক অবস্থার উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে আইবিডব্লিউএফ বদ্ধপরিকর। দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসায়ী সমাজকে আরও শক্তিশালী করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইবিডব্লিউএফ কেন্দ্রীয় কমিটি ও ম্যানেজমেন্ট কমিটির সদস্য ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান এবং এএফএম ওবায়দুল্লাহ। 


এ সময় উপস্থিত ছিলেন, সদর থানা সভাপতি সালাউদ্দিন আহমেদ, বন্দর থানা সভাপতি গোলাম কিবরিয়া শাহিন এবং সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি এম সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়