ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান ও খালি খোসা উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পেন গান ও এর একটি খালি খোসা উদ্ধার করেছে র্যাব-১১।
রোববার (১৪ জুন) রাত ১টায় সদর উপজেলার নয়ামাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে ফতুল্লা নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকের একটি স্পটে কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপ থেকে একটি পেন গান ও এর একটি খালি খোসা উদ্ধার করেন র্যাব ১১।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা পেন গান ও তার খালি খোসা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ আরও জানিয়েছে, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।





































